সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে সীমান্ত রক্ষী বাহিনীটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ বিজিবির একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থা থেকে একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, ৮ রাউন্ড তাজা গুলি এবং ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই সাথে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মসলা জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ দেশীয় শিং মাছের চালানও আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত আগ্নেয়াস্ত্র, মাদক ও অন্যান্য মালামাল প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি