সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার পণ্য জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও ভারতে পাচারকালে দেশীয় পণ্য উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৩২ হাজার টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির অধীনস্থ সোনারহাট, বিছনাকান্দি ও শ্রীপুর বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন এলাকায় সমন্বিত এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে পরিচালিত অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় গরু, তাজা মাল্টা, চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন জব্দ করা হয়। তবে অভিযানকালে চোরাচালান চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।

চোরাচালান বিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা, চোরাচালান বন্ধ ও সীমান্তপথে মাদক প্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত চোরাচালানি মালামালগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করে কাস্টমসে জমা দেওয়ার ব্যবস্থা চলমান রয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি