ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানি বার্তাসংস্থা ইলনা এ তথ্য জানিয়েছে। বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ছোট পরিসরের আয়োজনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর পেজেশকিয়ান কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন তিনি।

তবে তারেক রহমান ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইলনা।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন বলেও উল্লেখ করেন তিনি। তবে পেজেশকিয়ানের দাবি, ইরানই সন্ত্রাসবাদের শিকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এর জবাবে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা, বর্ধিত চাপ ও গুণ্ডামির সামনে ইরানের প্রতিরোধ আরও শক্তিশালী হবে।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করতে চাইলে নৌ-অবরোধ তুলে নিতে হবে বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি বলেন, আঞ্চলিক অন্য সব দেশ হরমুজ থেকে সুবিধা পাবে, অথচ ইরানকে সেই সুবিধা দেওয়া হবে না-তা হতে পারে না।

জা.অর্থনীতি/এসআই