আফগানিস্তান সীমান্তে ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে নিক্ষেপ করা আটটি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করা নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি দলকেও প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনীর সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী তোরখামে চারটি এবং কোহাট জেলায় আরও চারটি ড্রোন নিক্ষেপ করা হয়। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটটি ড্রোনই ভূপাতিত করা হয়।

সামরিক সূত্র আরও জানায়, ড্রোন হামলার পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল টিটিপির একটি দল। পাকিস্তানি সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সেই চেষ্টা ব্যর্থ করে দেন বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর ভাষ্য, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান বাহিনী কোনো উসকানি ছাড়াই সীমান্তবর্তী পাকিস্তানি সেনাচৌকি লক্ষ্য করে গুলি ও গোলাবর্ষণ শুরু করে। এর জবাবে পাকিস্তানি সেনা ও নিরাপত্তা বাহিনী আফগান বাহিনীর কয়েকটি সীমান্তচৌকি, মর্টার অবস্থান ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালায়।

টিটিপিকে কেন্দ্র করে ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানে টিটিপিকে আশ্রয় ও সহায়তার অভিযোগ করে আসছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

জা.অর্থনীতি/এসআই