অনলাইন ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ৯০ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।
অভিযানকালে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার ও নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
—জা. অর্থনীতি/এএইচএ