আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের দক্ষিণে মাসাফের ইয়াত্তার প্রত্যন্ত ফিলিস্তিনি জনগোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে পানির সংকটে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে পানির ট্যাংকার অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পানি পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে পানি সরবরাহের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং পানির ট্যাংকার জব্দের ঘটনায় সংকট আরও তীব্র হয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনারা হেবরনের দক্ষিণে ইয়াত্তার পূর্বদিকে অবস্থিত আল-কারমেল গ্রামে অভিযান চালিয়ে দুটি পানির ট্যাংকার জব্দ করে। ট্যাংকার দুটি আত-তাওয়ানি গ্রাম পরিষদের মালিকানাধীন ছিল এবং মাসাফের ইয়াত্তার আল-হালাওয়া এলাকায় পানি সরবরাহের জন্য যাচ্ছিল।
স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানায়, ট্যাংকার দুটির চালক রুবহি আহমেদ রাবাই ও কাসেম মোহাম্মদ রাবাইকেও আটক করা হয়েছে। পরে তাদের মাসাফের ইয়াত্তার খিরবাত আল-মারকাজ এলাকার কাছে একটি সামরিক ঘাঁটির দিকে নিয়ে যাওয়া হয়।
এর আগে ১৯ সেপ্টেম্বর ওয়াফা জানায়, মাসাফের ইয়াত্তার আদ-দাকিকা গ্রামে পানি সরবরাহকারী একটি পাইপলাইন কেটে দেওয়া হয়। এতে প্রায় ৭০০ বাসিন্দা পানি সরবরাহ থেকে বঞ্চিত হন বলে স্থানীয় সূত্র দাবি করে।
সেপ্টেম্বরের শুরুতে খিরবাত আল-ফাখিত এলাকায় ঘরবাড়ি ও পশুর খোঁয়াড়ের পাশাপাশি পানির ট্যাংক, স্যানিটেশন স্থাপনা ও সৌরবিদ্যুৎ সরঞ্জাম ধ্বংস এবং একটি পানির কূপ ভরাট করা হয়েছে বলেও ওয়াফা জানিয়েছিল।
ইসরায়েলি মানবাধিকার সংগঠন বি’তসেলেমের তথ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর খিরবাত আত-তাবান এলাকায় ১২টি বাড়িসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়। ওই অভিযানে পানির চারটি সিস্টার্ন, ১৫টি পানির ট্যাংক ও একটি পানিবাহী ট্যাংকারও ধ্বংস করা হয় বলে সংগঠনটি জানায়।
জা.অর্থনীতি/এসআই