নষ্ট দুধ, তবু শিক্ষকরা বললেন—‘খেয়ে নাও, কিছু হবে না’

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন কোমলমতি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীই অসুস্থ বলে জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত রায় জানান, দুপুর ২টা থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকেই বমি করেছে, অনেকের পেটের পীড়া। চিকিৎসক ও নার্সরা তাদের সেবা দিচ্ছেন।

পঞ্চম শ্রেণির তানিয়া আক্তার বলেন, মিড ডে মিলের দুধ খাওয়ার পর সবার পেটের ব্যথা শুরু হয়। অনেকেই স্কুলেই বমি করেছে। প্যাকেটজাত দুধ তিতা এবং নষ্ট হয়ে গিয়েছিল। আমরা স্যার ও ম্যামকে বললে তারা বলে খেয়ে নাও, কিছু হবে না। 

চতুর্থ শ্রেণির শামীম হাসান জানান, পেট খুব ব্যথা করতেছে, বমি আসতেছে, কিন্ত বমি করতে পারছি না। দুধ খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম