সিলেট প্রতিনিধি: সিলেট নগরী ও আশপাশের বিস্তৃত এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই পরিকাঠামো নির্মাণ এবং সময়োপযোগী মহাপরিকল্পনা (মাষ্টারপ্ল্যান) বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সিউকের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিউকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরতে সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) নেতৃবৃন্দের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, "সিলেটকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব সুপরিকল্পিত নগরী হিসেবে রূপান্তর করতে সিউক নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের আবাসন পরিকল্পনায় 'গ্রিন ইকো হাউজিং প্রজেক্ট' বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশু ও কিশোরদের বিনোদনের জন্য খেলার মাঠ, পর্যাপ্ত বনায়ন ও উন্মুক্ত স্থান সংরক্ষণের মতো পরিবেশবান্ধব বিষয়গুলোকে নকশায় অগ্রাধিকার দেওয়া হবে।"
তিনি আরও বলেন, "সিলেটের আবহমান ঐতিহ্য রক্ষা এবং নগর মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও গঠনমূলক সমালোচনা অত্যন্ত জরুরি। গণমাধ্যমের সহযোগিতা সিউকের জনকল্যাণমুখী কার্যক্রমকে আরও দৃশ্যমান ও গতিশীল করবে।"
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা সিলেটে বাস্তবায়নাধীন সব ধরনের উন্নয়ন প্রকল্পে প্রশাসনিক স্বচ্ছতা, কাজের মান ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে নগরীর স্বার্থে সিউকের প্রতিটি ইতিবাচক পদক্ষেপে স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সিউকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর বিভাগীয় প্রতিনিধি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল এবং সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা।
—জা. অর্থনীতি/এলএটি