আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের অন্যতম খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন ২০২৭ সালের ‘গুড ইউনিভার্সিটি গাইড’-এ বর্ষসেরা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে। এবারই প্রথম প্রতিষ্ঠানটি অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে।
দ্য টাইমস ও দ্য সানডে টাইমস প্রকাশিত এই গাইডে ইম্পেরিয়াল কলেজকে ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। গতবারের তুলনায় তিন ধাপ এগিয়ে এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
জাতীয় র্যাঙ্কিংয়ে ইম্পেরিয়াল কলেজ ষষ্ঠ স্থান থেকে উঠে তৃতীয় অবস্থানে রয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় চতুর্থ এবং অক্সফোর্ড পঞ্চম স্থানে রয়েছে। গুড ইউনিভার্সিটি গাইডের ৩৩ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অক্সফোর্ড ও কেমব্রিজ শীর্ষ তিনের বাইরে রয়েছে।
ইম্পেরিয়াল কলেজ আরও দুটি বিশেষ স্বীকৃতি পেয়েছে। স্নাতকদের কর্মসংস্থানের সুযোগের দিক থেকে ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার’ এবং চিকিৎসাশিক্ষার জন্য ‘মেডিকেল স্কুল অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।
গাইডের তথ্য অনুযায়ী, ইম্পেরিয়াল কলেজের ৯০ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণির উচ্চতর ফল অর্জন করেছেন। এ ছাড়া ৯৩ শতাংশ স্নাতক উচ্চ দক্ষতার চাকরি অথবা উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ পেয়েছেন। দ্বিতীয় বর্ষে পড়াশোনা চালিয়ে যাওয়ার হার ৯৫ দশমিক ৯ শতাংশ।
জাতীয় র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই)।
গুড ইউনিভার্সিটি গাইডের সম্পাদক হেলেন ডেভিস বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, আর্থিক চাপের পাশাপাশি কঠিন চাকরির বাজারের মুখোমুখি হচ্ছেন নতুন স্নাতকেরা।
শিক্ষার মান, শিক্ষার্থীদের অভিজ্ঞতা, পড়াশোনা চালিয়ে যাওয়ার হার ও চাকরির সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে গাইডটি তৈরি করা হয়েছে। এবারের সংস্করণে যুক্তরাজ্যের ১৩৩টি বিশ্ববিদ্যালয়ের তথ্য রয়েছে।
জা.অর্থনীতি/এসআই