সুনামগঞ্জে ৩ শিশুকে হত্যা, হাসপাতালে ‘মাদক-জুয়া’য় আসক্ত বাবা
ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ৩ সন্তানসহ বাবার বিষপান করার ঘটনা ঘটেছে। বিষক্রিয়ায় মুমূর্ষু বাবা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মাদক ও জুয়ায় আসক্ত বাবা শরাফত আলী নিজেই সন্তানদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। পরে নিজেও বিষপান করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা ৩ শিশুসহ বাবাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিনের কাছে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মৃত ৩ শিশু হলো- মেয়ে মাওয়া (১০) ও দুই ছেলে তামিম (৭) ও শামিম (২)।

তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা হচ্ছে ঘটনা রাতে ১টা বা দেড়টার দিকে ঘটেছে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে ৩ সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শিশু ৩ জন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। বাবা শরাফতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশী ও আত্মীয় রনু মিয়া বলেন, শরাফত মিয়ার স্ত্রী সৌদি প্রবাসী। ঘটনার দিন ৩ শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে আসেন শরাফত মিয়া। বাড়ি ফেরার পথে সঙ্গে করে বিরিয়ানি নিয়ে যান। ধারণা করা হচ্ছে, বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে তা সন্তানদের খাইয়ে নিজেও খান।

তিনি আরও জানান, শরাফত জুয়ায় ও মাদকে আসক্ত।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, ৩ শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোজঁ নিয়ে জানা গেছে, শরাফত মিয়া জুয়ায় ও মাদকে আসক্ত।

—জা. অর্থনীতি/এনজে