ভূমি সেবায় দুর্নীতির বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

অনলাইন ডেস্ক: ভূমি সেবায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দুর্নীতিবাজদের চিহ্নিত করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ৪৮তম ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রশিক্ষণার্থী সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সেবাপ্রাপ্তির মাধ্যমে দেশের জনগণ যেন নিজেদের রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে অনুভব করতে পারে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্মরণ রাখতে হবে।

মীর হেলাল বলেন, দেশের প্রকৃত মালিক ১৮ কোটি জনগণ। কর্মকর্তাদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে নাগরিকেরা সেবা গ্রহণের মাধ্যমে উপলব্ধি করতে পারেন যে তারাই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক।

ভূমি খাতে দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় এক শতাংশ দুর্নীতিপরায়ণ মানুষের অপকর্মের কারণে পুরো ব্যবস্থাপনা বদনামের মুখে পড়ে। তাই এসব দুর্নীতিবাজকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

নবীন সহকারী কমিশনারদের (ভূমি) উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু নিজেদের সৎ ও সতর্ক থাকলেই হবে না; অধীন সহকর্মীদেরও সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করতে হবে। অধীনদের ভালো-মন্দ সব কর্মকাণ্ডের দায়দায়িত্ব শেষ পর্যন্ত কর্মকর্তাদের ওপরই বর্তাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

জা.অর্থনীতি/এসআই