মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১১) নামে এক প্রাথমিক পর্যায়ের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকনগর গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি থেকে টিফিন খেয়ে সাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয় নাবিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে। ঠিক তখনই পেছন থেকে আসা অপর একটি দ্রুতগতির ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাবিলের মৃত্যু হয়।
ওসি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রস্তুত করেছে। ঘটনার সাথে জড়িত ট্রাকটিকে আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি
