আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মোদি সরকার। বিশ্বনেতাদের স্বাগত জানাতে শহরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিদেশি অতিথিদের যাতায়াতের পথে থাকা ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামের একটি বস্তি বড় কাপড়ের পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া বিশিষ্ট অতিথিদের যাতায়াতের নির্ধারিত পথের পাশেই বস্তিটির অবস্থান। শহরকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন দেখাতেই বস্তিটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষের এই উদ্যোগ নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে। সমালোচকদের কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক অতিথিদের সামনে শহরের দারিদ্র্যের বাস্তব চিত্র আড়াল করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
বস্তিবাসীদের দাবি, ২০২৩ সালে জি-২০ সম্মেলনের সময়ও একইভাবে এলাকাটি কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। বারবার এভাবে পর্দা টাঙানোর কারণে তাদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়। দিন এনে দিন খাওয়া এসব মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়ে বলে তারা জানান।
তবে কর্তৃপক্ষের উদ্যোগের পক্ষে থাকা ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক সম্মেলনের সময় দেশের পরিচ্ছন্ন ও ইতিবাচক চিত্র তুলে ধরা স্বাভাবিক। একই সঙ্গে অতিথিদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কিছু সাময়িক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে।
এদিকে, বস্তি ঢেকে দেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে সৌন্দর্যবর্ধন, দারিদ্র্য আড়াল এবং নগর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
জা.অর্থনীতি/এসআই
