বিএনপির চার প্রার্থীর পরাজয়ে দলের নেতারাই দায়ী: আইনমন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: বিগত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপির প্রার্থীদের পরাজয়ের পেছনে দলের ভেতরের কিছু নেতাকর্মীর বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র দায়ী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি অভিযোগ করে বলেন, "দলের কতিপয় নেতা দিনে বিএনপি করে রাতে গোপন আঁতাতের মাধ্যমে দলের নিজস্ব প্রার্থীদের পরাজিত করেছেন।"

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের অভ্যন্তরীণ কোন্দল ও ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, "চারজন প্রার্থীকে হারানোর পেছনে আপনারা মুখ্য ভূমিকা পালন করেছেন। দিনে এসে বিএনপির পরিচয় দিয়েছেন, আর রাতের অন্ধকারে গোপনে অন্যদের সাথে বৈঠক করেছেন। আমার কাছে সবার আমলনামা ও রেকর্ড আছে; প্রয়োজন হলে সবার সাথে 'ওয়ান টু ওয়ান' বসে প্রমাণসহ কথা বলব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের রাজনীতি করতে হলে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পেছনেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

নেতাকর্মীদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, "অধিকাংশ নেতাই বক্তব্যে 'আমি' শব্দটি ব্যবহার করছেন, যা আমাদের সাংগঠনিক আদর্শের পরিপন্থী। শহীদ জিয়াউর রহমান বলে গেছেন- ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। নেতৃত্বের এই 'আমিত্ব'কে 'আমরা'-তে রূপান্তরিত করতে না পারলে সাতক্ষীরা জেলা বিএনপি কখনো শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে পারবে না।"

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপকর্মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে আইনমন্ত্রী আরও জানান, যত বড় বা ত্যাগী নেতাই হোন না কেন, চাঁদাবাজি, দখলবাজি কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কোনো অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না, সরাসরি আইনের হাতে সোপর্দ করা হবে।

মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার দায়িত্বে নিয়োজিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সদস্যসচিব আবু হাসান ডাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

—জা. অর্থনীতি/এলএটি