কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ কর্মসূচি ও ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বিশেষ ঋণ কর্মসূচির উদ্বোধন, গ্রাহকদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের (চট্টগ্রাম বিভাগ-২) ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ এবং কার্যক্রমে সাফল্য অর্জনকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলা পরিষদস্থ ব্যাংক শাখায় ১০ জন সদস্যের হাতে ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে বিশেষ ঋণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সম্মেলন কক্ষে আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগ (চট্টগ্রাম বিভাগ-২)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব এবং ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন।

কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনতাজের রাশেদীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে ৬টি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ৫৩টি শাখার শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ শাখাগুলোকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ঋণ বিতরণ, সঞ্চয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ মহিউদ্দীন বলেন, “পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। মাঠপর্যায়ে ব্যাংকের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”  

—জা. অর্থনীতি/এলএটি