চলতি জুনিয়র এশিয়া কাপ হকিতে জাপানের কাছে ৬-২ গোলের বড় হারে শেষ বাংলাদেশের অনূর্ধ্ব-২০ হকি দলের বিশ্বকাপে খেলার স্বপ্ন। আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী এই খেলায় জাপানের বিপক্ষে জয় আবশ্যক ছিল। তবে চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে হকি বিশ্বকাপের দৌড় থেকে বাংলাদেশকে ছিটকে দেয় জাপান।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আক্রমণাত্মক হকি খেলে দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল আদায় করে নেয় জাপান, যার ফলে ৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে খেলায় ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন মেহেদী। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রেখে এই কোয়ার্টারেই আরও ৩টি গোল তুলে নেয় জাপানের যুবারা। চতুর্থ ও শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে মুন্না বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করলেও তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় ব্যবধানে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি অনূর্ধ্ব-২০ দল। গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে একমাত্র কাজাখস্তানের বিপক্ষেই জয়ের মুখ দেখেছিল তারা। বাকি ম্যাচগুলোতে আশানুরূপ ফল না মেলায় কোয়ার্টার ফাইনালের পর টুর্নামেন্টের স্থান নির্ধারণী ম্যাচগুলোতে অংশ নিতে বাধ্য হয় দল। এর আগের আসরে টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করে ইতিহাসে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ।
জুনিয়র এশিয়া কাপ থেকে শীর্ষ ৬টি দলের সামনে সুযোগ থাকছে পরবর্তী বিশ্বকাপে অংশ নেওয়ার। জাপান পঞ্চম স্থান নির্ধারণী খেলায় মুখোমুখি হবে চীনের। অন্যদিকে, বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হওয়া বাংলাদেশের টুর্নামেন্টে আর একটি ম্যাচই বাকি রয়েছে। সপ্তম স্থান অর্জনের লড়াইয়ে আজ চায়নিজ তাইপের মুখোমুখি হবে যুব দল। জয় পেলে সপ্তম এবং পরাজিত হলে অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।