লালমনিরহাট প্রতিনিধি: আগামী বছর ২০২৭ সালের মধ্যে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা তীরবর্তী নদীভাঙন ও বন্যাকবলিত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এই মহাপরিকল্পনা কার্যকর ভূমিকা রাখবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার মানোন্নয়ন ও ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২০২৭ সালে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে। এর পাশাপাশি তিনি মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধ সমাজ থেকে নির্মূল করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে ১১টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৫০টি পরিবারের মাঝে উপহার হিসেবে ২০ কেজি করে জিআর (ত্রাণ) চাল হস্তান্তর করেন মন্ত্রী।
—জা. অর্থনীতি/এলএটি