আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের ব্রিকস সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। ভারত বর্তমানে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে। সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন। শুক্রবারের এই বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রুশ প্রেসিডেন্টের সফরে প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-রাশিয়া যৌথভাবে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, ভারতে বাকি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এবং রাশিয়ার সু-৫৭ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ভারতে নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের সর্বশেষ বৈঠক হয়েছিল। সেখানে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে মোদি ‘চলমান যুদ্ধ’ থেকে ‘যুদ্ধের অবসানের’ দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
দিল্লিতে ব্রিকস সম্মেলনের পাশাপাশি পুতিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছর পর ভারত সফরে এসে শনিবার মোদির সঙ্গে বৈঠক করবেন। তাদের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।
শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে ব্রিকস সম্মেলনের মূল অধিবেশন শুরু হবে। সম্মেলন শেষে প্রকাশ করা হবে ‘নয়াদিল্লি ঘোষণা’।
সূত্র: এনডিটিভি
জা.অর্থনীতি/এসআই
