যৌনকর্মীদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায়ে যৌনকর্মীদের মর্যাদা ও অধিকার স্বীকৃতি পেলেও সেই বিষয়ে এখনও অনেকেই অবগত নন। এই পরিস্থিতিতে যৌনকর্মীদের তাঁদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে দেশের বিভিন্ন যৌনপল্লিতে যাওয়ার উদ্যোগ নিয়েছে ‘যৌনকর্মী অধিকার মঞ্চ’।

পশ্চিমবঙ্গ, দিল্লি, তেলঙ্গানা, বিহার, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যের যৌনকর্মীদের উদ্যোগে গড়ে উঠেছে এই মঞ্চ। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সংগঠনের প্রতিনিধিরা জানান, বিভিন্ন রাজ্যের যৌনপল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টের রায়ে স্বীকৃত অধিকার ও মর্যাদা সম্পর্কে যৌনকর্মীদের সচেতন করা হবে।

মঞ্চের অন্যতম প্রতিনিধি এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব বিশাখা লস্কর বলেন, ২০২২ ও ২০২৬ সালে দেশের শীর্ষ আদালত যৌনকর্মীদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। প্রাপ্তবয়স্ক যৌনকর্মীদের নিজেদের সিদ্ধান্ত নেওয়া এবং মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার রয়েছে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁদের বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে।

এদিকে গত জুলাইয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি যৌনপল্লিতে পুলিশি অভিযানে ১৭ জন নাবালিকাকে উদ্ধারের ঘটনায় যৌনকর্মীদের হেনস্তার অভিযোগও উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সেখানে যাওয়ার কথা মঞ্চের প্রতিনিধিদের।

পাশাপাশি সোনাগাছিতে গ্রাহকদের টাকা, মোবাইল ও অন্যান্য সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় একটি চক্র জড়িত বলে দাবি দুর্বারের। পুলিশকে একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ হয়নি বলেও অভিযোগ সংগঠনের।

সূত্র: সংবাদ প্রতিদিন

জা.অর্থনীতি/এসআই