নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর তীরে সরকারি খাসজমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি অবৈধ পাকা, আধাপাকা ও টিনশেড স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদীর তেরীবাজার তীরবর্তী খাসজমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব স্থাপনা গড়ে তুলেছিল একটি প্রভাবশালী চক্র। পূর্বে বালুমহাল চালুর সময় কিছু স্থাপনা তৈরি করা হলেও পরে ঘাট বন্ধ হয়ে গেলে এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের অভিযোগ, এসব পরিত্যক্ত ঘরে দিনরাত মাদকসেবী ও কারবারিদের আড্ডা বসত, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিল। সরকারি খাসজমি উদ্ধার ও সামাজিক অপরাধ রোধে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারি স্বার্থ ও সম্পত্তি রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদী তীরের খাসজমি উদ্ধার এবং মাদকের আখড়া বন্ধ করতেই এ পদক্ষেপ। সরকারি জমি পুনরুদ্ধারে প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করেন তিনি।
—জা. অর্থনীতি/এলএটি