হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য ধ্বংস
ছবি: জাতীয় অর্থনীতি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার অভিযানে জব্দকৃত প্রায় দেড় টন আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ক্যাটাগরির পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। ধ্বংসকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশান সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে সরকারি নিয়ম মেনে ধ্বংস কমিটির সার্বিক উপস্থিতিতে এসব পণ্য আগুনে পুড়িয়ে ও বিনষ্ট করে ধ্বংস করা হয়। 

হিলি কাস্টমস শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে ভারত থেকে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে আনা এসব পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে মেয়াদ পার হয়ে ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বিধি মোতাবেক তা বিনাশের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পণ্যের মধ্যে মূলত খাদ্যদ্রব্য, প্রসাধনী ও বিভিন্ন তামাকজাত সামগ্রী ছিল।

পণ্য বিনাশকালে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সার্কেল সহকারী পুলিশ সুপার এএনএম নিয়ামত উল্লাহ, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

—জা. অর্থনীতি/এলএটি