আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলায় ব্যবহৃত রাশিয়ার কামিকাজে ড্রোন তৈরিতে চীনের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ করেছে-এমন তথ্য উঠে এসেছে একটি যৌথ অনুসন্ধানে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও পলিটিকোর পর্যালোচিত রুশ নথিতে এ তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধান অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ চলতি বছর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান আলাবুগা-ভলোকনো-তে ৪৬ টন পলিআক্রাইলোনাইট্রাইল প্রিকার্সর পাঠিয়েছে। এই উপাদান উচ্চমানের কার্বন ফাইবার তৈরির অন্যতম প্রধান কাঁচামাল।
রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত আলাবুগা-ভলোকনো উচ্চমানের কার্বন ফাইবার উৎপাদন করে। অনুসন্ধানকারীদের দাবি, এসব উপকরণ ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি রাশিয়ার ‘গেরান’ সিরিজের দূরপাল্লার কামিকাজে ড্রোনের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়।
নথিতে চালানটির জন্য এমন একটি শুল্ক কোড ব্যবহার করা হয়েছে, যা সাধারণ সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে প্রযোজ্য। মার্কিন পরমাণু অস্ত্র বিস্তারবিরোধী গবেষক ডেভিড অলব্রাইটের হিসাবে, ওই পরিমাণ কাঁচামাল থেকে প্রায় ১,৩০০টি কামিকাজে ড্রোনের জন্য প্রয়োজনীয় কার্বন ফাইবার তৈরি করা সম্ভব।
আলাবুগা-ভলোকনোসহ রোসাটমের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকলেও জিলিন কেমিক্যাল ফাইবার গ্রুপ বর্তমানে এসব নিষেধাজ্ঞার তালিকায় নেই।
চীন অবশ্য রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। বেইজিংয়ের দাবি, তারা সংঘাতের কোনো পক্ষকে প্রাণঘাতী অস্ত্র দেয়নি এবং দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। তবে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা নথিগুলোকে বিশ্বাসযোগ্য বলে জানিয়েছেন।
জা.অর্থনীতি/এসআই