হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, কাস্টমস সংক্রান্ত নানা জটিলতা নিরসন এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন স্থানীয় ব্যবসায়ীরা। কাস্টমস ও বন্দরকেন্দ্রিক বাণিজ্য আরও গতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে এতে বিশদ আলোচনা হয়।
কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম ব্যবসায়ীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং বন্দর দিয়ে আইনানুগ বাণিজ্য সহজ করতে কাস্টমসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে পানামা পোর্টে পৌঁছালে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি