স্পোর্টস ডেস্ক: নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহনের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ শুটার আব্দুল্লাহ হেল বাকি ও কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। আগামী ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতেই থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের পতাকা বহনের অভিজ্ঞতা অবশ্য নতুন নয় আব্দুল্লাহ হেল বাকির। ২০১৬ সালের রিও ও ২০২০ সালের টোকিও অলিম্পিকে অংশ নেওয়া এই শুটার কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক জিতেছেন। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও বাংলাদেশের পতাকাবাহক ছিলেন তিনি।
অন্যদিকে, হুমায়রা আক্তার অন্তরার জন্য এ দায়িত্ব বিশেষ তাৎপর্যের। ২০১৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসে মাত্র ১৮ বছর বয়সে বাংলাদেশের হয়ে পদক জেতেন তিনি। ব্যক্তিগত কাতা বিভাগে ব্রোঞ্জ জয়ের পর অনূর্ধ্ব ৬১ কেজি কুমিতে নেপালের আনু গুরুঙকে ৫-২ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন অন্তরা। ওই আসরে তার হাত ধরেই আসে বাংলাদেশের প্রথম পদক।
দক্ষিণ এশিয়ার মঞ্চে সাফল্যের পর এবার আরও বড় এশীয় আসরের উদ্বোধনী মঞ্চে দেশের পতাকা বহন করবেন অন্তরা। আর তার সঙ্গে থাকছেন দেশের অন্যতম অভিজ্ঞ শুটার বাকি।
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের সম্ভাবনা নিয়ে এবার খুব বেশি আশাবাদ তৈরি না হলেও অভিজ্ঞতা ও সাফল্যের প্রতীক বাকি-অন্তরার হাতেই উঠছে দেশের পতাকা। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল পা রাখবে এশিয়ার অন্যতম বড় ক্রীড়া আসরের মঞ্চে।
জা.অর্থনীতি/এসআই
