বন কর্মকর্তার যোগসাজশে গাছ চুরি
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সুরক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশাল আকৃতির একটি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে গেছে চোরচক্র। উদ্যানের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশ থেকে গাছটি চুরি হওয়ার ঘটনায় বন বিভাগের কর্মচারীদের অভ্যন্তরীণ যোগসাজশের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে লাউয়াছড়ার জানকিছড়া সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭ ফুট বেড়ের সেগুন গাছটি কেটে পাচার করা হয়। চুরিকৃত এই কাঠের আনুমানিক বাজারমূল্য লাখ টাকার বেশি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিপল দিয়ে ঢাকা একটি হলুদ রঙের ডায়না ট্রাক প্রচণ্ড গতিতে শ্রীমঙ্গলের দিকে যেতে দেখা যায়। ট্রাকটির সামনে দুটি মোটরসাইকেলে পাহারার ব্যবস্থা ছিল।

উদ্ভিদ ও জীববৈচিত্র্য রক্ষায় জানকিছড়া গেট এবং প্রধান ফটকে বন বিভাগ ও টহল পুলিশের সার্বক্ষণিক পাহারা থাকা সত্ত্বেও কীভাবে রাস্তার পাশ থেকে প্রকট শব্দে গাছ কেটে পাচার হলো, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় পরিবেশকর্মীরা মনে করছেন, ভেতরে লোকজনের প্রত্যক্ষ মদদ ছাড়া এভাবে উদ্যান থেকে কাঠ পাচার সম্ভব নয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া কাঠ উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। তদন্তে বন বিভাগের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর দাপ্তরিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি