ভালুকায় বজ্রপাতে দেয়াল ধসে শিশুর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতের ধাক্কায় মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে আয়েশা আক্তার নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধীতপুর গ্রামে নানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বিরুনীয়া গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান ও ফারজানা আক্তার দম্পতি কিছুদিন ধরে তাদের শিশুকন্যা আয়েশাকে নিয়ে ধীতপুর এলাকায় শশুড় মন্তাজ আলীর বাড়িতে অবস্থান করছিলেন। রোববার সকালে সিদ্দিক তার মেয়েকে নিয়ে মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালের দিকে আকস্মিক বজ্রপাত হলে মাটির ঘরের একটি দেয়াল ধসে সরাসরি তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু আয়েশার মৃত্যু হয় এবং সিদ্দিক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর উদ্ধার করে আহত সিদ্দিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে সিদ্দিক দীর্ঘদিন ধরে সপরিবারে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

—জা. অর্থনীতি/এলএটি