সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ’-এর উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ সহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) কলেজের নিজস্ব অডিটোরিয়ামে দুই শিফটে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির প্রথম পর্ব সকাল ১০:৩০ টায় ও দ্বিতীয় পর্ব দুপুর ২:৩০ টায় শুরু হয়। কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ সুবল কুমার তালুকদার।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন। তিনি কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উচ্চমাধ্যমিক শ্রেণিতে সফলতার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল (শাহপরান ক্যাম্পাস)-এর প্রধান স্বপন কুমার রায়।
বক্তারা বলেন, এ সাফল্য শিক্ষাজীবনের একটি প্রাথমিক মাইলফলক। উচ্চশিক্ষায় ভালো ফলের জন্য এখন থেকেই শৃঙ্খলা ও অধ্যবসায় বজায় রাখার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে নৈতিকতার চর্চা করতে হবে।
অনুষ্ঠানে ২০১০ সালে প্রতিষ্ঠিত সার্ক ইন্টারন্যাশনাল কলেজের ধারাবাহিক সাফল্য ও ইতিহাস তুলে ধরা হয়। একই সাথে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু জিপিএ–৫ প্রাপ্ত সেরা ১০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং মেধাবী-অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ঘোষণা দেওয়া হয়।
পরিশেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অন্য প্রতিষ্ঠানে ভর্তির আগে অভিভাবকদের অন্তত একবার কলেজের শিক্ষা পরিবেশ সরেজমিনে পরিদর্শনের অনুরোধ জানিয়ে এবং সভাপতি কর্তৃক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
—জা. অর্থনীতি/এলএটি