সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।

স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে সকালেই বাহারমর্দনস্থ বাসভবনে কোরআন খতমের আয়োজন করা হয়। এরপর মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত করেন।

পরে বাদ জোহর মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বক্তারা বলেন, তিনি ছিলেন জনগণের নেতা। অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিতে তার অবদান চিরস্মরণীয়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়াও মরহুমের পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এম নাসের রহমান বলেন, আমার বাবা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শকে ধারণ করেই আমরা মানুষের সেবা করে যাচ্ছি।

শিক্ষার্থীদের নৈতিক মানুষ হওয়ার আহ্বান শিবির সেক্রেটারির
 
প্রসঙ্গত, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে শাহাদতবরণ করেন। তার অকাল মৃত্যুতে দেশ একজন দক্ষ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদকে হারায়।

বক্তারা বলেন, এম সাইফুর রহমান ছিলেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক। তিনি দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ছিলেন আপসহীন। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করেছেন। তার দেখানো পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

—জা. অর্থনীতি/এনজে