ইটনায় নৌকাবাইচ দেখতে লাখো মানুষের ভিড়

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সুরমা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে শুরু হওয়া নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় বাইচের ১২টি নৌকা।

প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ এর সংসদ সদস্য ফজলুর রহমান। এ ছাড়াও কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ রহমান, ইটনা সদর ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েলসহ এলাকার জনপ্রতিনিধি বিএনপির দলীয় নেতা-কর্মী প্রশাসনিক কর্মকর্তাসহ লক্ষাধিক মানুষ উপস্থিত থেকে হাওরের বিস্তৃত শান্ত জলরাশিতে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

আয়োজক কমিটির প্রধান ও ধনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি ভজন কান্তি দাস বলেন, আবহমান হাওরবাংলার শতশত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ বিগত সময়ের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় প্রায় হারিয়ে যেতে বসেছিল, ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে এ অঞ্চলের সংসদ সদস্য ফজলুর রহমান হাওবাসীকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, এর ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তিনি বলেন, সুনামগঞ্জ হবিগঞ্জ নেত্রকোণা কিশোরগঞ্জ এলাকা থেকে অর্ধ লক্ষেরও অধিক উৎসুক দর্শনার্থী সহস্রাধিক ছোট-বড় ট্রলার-নৌকাযোগে নৌকাবাইচ উপভোগ করতে এসেছে।

প্রথম ৬টি ধাপে দুটি করে নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়, প্রথম ধাপের বিজয়ী ৬টি নৌকা দ্বিতীয় ধাপে আবারও প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী ৩ নৌকার মাঝে চুড়ান্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাংসদ ফজলুর রহমান।

—জা.অর্থনীতি/আইবিএম