আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শঙ্খ মিত্রের সাফল্য এবার আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ল। ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সিইওদের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রকাশিত তালিকায় তাঁর ঠিক উপরে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক।
মার্কিন রিয়্যাল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সংস্থা ‘ওয়েলটাওয়ার’-এর সিইও শঙ্খের ২০২৫ সালের মোট পারিশ্রমিক ও প্রাপ্তির পরিমাণ প্রায় ৮২ কোটি ১১ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭,৭৬০ কোটি টাকা। তবে এই পুরো অর্থ তাঁর নগদ বেতন নয়। সংস্থার ২০২৬ সালের প্রক্সি ফাইলিং অনুযায়ী, ২০২৫ সালে তাঁর মূল বেতন ছিল ১৩০ লক্ষ ডলার। বাকি অর্থের বড় অংশ এসেছে শেয়ার পুরস্কার এবং দীর্ঘমেয়াদি কর্মদক্ষতা-নির্ভর প্রণোদনা থেকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর শঙ্খ কলম্বিয়া বিজনেস স্কুল থেকে ‘অ্যাপ্লায়েড ভ্যালু ইনভেস্টিং’-এ এমবিএ করেন। সেখানেও কৃতিত্বের জন্য ডিনস লিস্টে জায়গা পান।
কর্মজীবনের শুরু অ্যাকাউন্টিং সংস্থায়। পরে ফিডেলিটি ইনভেস্টমেন্টস ও সিটাডেল ইনভেস্টমেন্ট গ্রুপে অ্যানালিস্ট হিসেবে কাজ করেন। ২০১৬ সালে ‘ওয়েলটাওয়ার’-এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। মাত্র চার বছরের মধ্যে, ২০২০ সালের অক্টোবরে সংস্থার সিইও হন।
প্রবীণ নাগরিকদের আবাসন, পোস্ট-অ্যাকিউট কেয়ার এবং স্বাস্থ্য পরিষেবা-সম্পর্কিত পরিকাঠামোয় বিনিয়োগকারী এই সংস্থার নেতৃত্বে শঙ্খের কৌশলগত দক্ষতাই তাঁর আন্তর্জাতিক সাফল্যের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
জা.অর্থনীতি/এসআই
