গাঁজা সেবনের অভিযোগে এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: উড্ডয়নের পর মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের পাইলটকে বরখাস্ত করেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। ওই পাইলটের পোস্ট-ফ্লাইট ড্রাগ পরীক্ষায় সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৪ আগস্ট ফুকের (ফুকেত) থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি ৩৬ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় আকস্মিকভাবে বিপত্তিতে পড়ে। এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটির তিনটি হাইড্রলিক সিস্টেমই বিকল হয়ে যায়। ফলে অটোপাইলটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিমানটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে ২৪ জন যাত্রী আহত হন।

ঘটনার পর পাইলটদের ড্রাগ পরীক্ষা করা হয়। সরকারি নথি অনুযায়ী, অভিযুক্ত পাইলটের প্রাথমিক পরীক্ষার ফল নেগেটিভ ছিল। তবে পরবর্তী পরীক্ষায় গাঁজা সেবনের সঙ্গে সংশ্লিষ্ট সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি ধরা পড়ে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। তাই ফ্লাইটটির পাইলট ইন কমান্ডের পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে বিপত্তির পরও ১৩৭ যাত্রীকে নিয়ে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

জা.অর্থনীতি/এসআই