আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌরসভার একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক কমপ্লেক্সের যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেখানে আতশবাজি বা পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মজুত করা এসব সামগ্রীর কাছ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে। আহত ৬২ জনের মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দগ্ধ এক কিশোরীও রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাতে সামরিক স্থাপনার আশপাশের বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বিস্ফোরণের তীব্রতায় অনেক বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
ঘটনার পরপরই সামরিক ঘাঁটিতে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল, দমকলকর্মী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
দমকলকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়ে গেছে। ফলে সেখানে নতুন করে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
জা.অর্থনীতি/এসআই