অন্যের শরীর চুলকিয়ে মাসে আয় ১৮ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: নিজের শরীরের চুলকানি নিজেই দূর করা স্বাভাবিক। তবে অর্থের বিনিময়ে অন্যের শরীর চুলকিয়ে দেওয়ার সেবা যে ব্যবসায় পরিণত হতে পারে, তারই উদাহরণ তৈরি করেছেন চীনের ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শিয়াওচিয়াও।

হুবেই প্রদেশের বাসিন্দা ঝাং চীনের শেনঝেনে ‘সুমা’ নামে এই অভিনব সেবা চালু করেছেন। ম্যাসাজ পার্লারের মতো পরিবেশে গ্রাহকেরা বিছানায় শুয়ে থাকেন। প্রশিক্ষিত কর্মীরা বিশেষভাবে তৈরি নখের মতো সরঞ্জাম দিয়ে শরীরের বিভিন্ন অংশ আলতোভাবে চুলকিয়ে দেন।

প্রতি ঘণ্টার এই সেবার মূল্য ৩০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৫০০ টাকার বেশি। মানসিক চাপ কমানো, শরীরকে আরাম দেওয়া এবং ভালো ঘুমে সহায়তার কথা বলে সেবাটি বাজারজাত করা হচ্ছে। গ্রাহকেরা শরীরের যে অংশে বেশি চুলকানি চান, কর্মীরা সেখানে বেশি সময় দেন।

গত মে মাসে শেনঝেনের বাওআন জেলায় প্রথম শাখা চালু করেন ঝাং। এক মাস পর ফুতিয়ান জেলায় দ্বিতীয় শাখা খোলেন তিনি। দুটি শাখা মিলিয়ে বর্তমানে মাসে প্রায় ১ লাখ ইউয়ান, অর্থাৎ ১৮ লাখ টাকার বেশি আয় হচ্ছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

ঝাংয়ের ভাষ্য, তার গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ। অনেকেই জানিয়েছেন, সাধারণ ম্যাসাজের চেয়ে এই সেবা তাদের বেশি স্বস্তি দেয়।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে এই ব্যবসার ধারণা পান ঝাং। ছোটবেলায় বাবার পিঠ চুলকিয়ে দেওয়ার স্মৃতিও তাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতে চীনের বিভিন্ন শহরে ১০০টি শাখা চালুর লক্ষ্য রয়েছে তার।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

জা.অর্থনীতি/এসআই