অনলাইন ডেস্ক: রাজধানীর বাজারে দীর্ঘদিন ধরে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম, মাছ ও মুরগি। একই সঙ্গে বেড়েছে আটা ও চিনির দাম। তবে কিছুটা কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা ও মহাখালীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ডিমের দাম ডজনপ্রতি ১৫০ টাকা বা তার বেশি। এর আগে ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হতো।
মাছের বাজারেও স্বস্তি নেই। বর্তমানে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা এবং রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা। এ ছাড়া ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে।
মুরগির বাজারে ব্রয়লার ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও ৮০০ থেকে ৮৫০ টাকা কেজিতে রয়েছে।
এদিকে প্যাকেটজাত দুই কেজির আটা ১৩০ টাকা এবং খোলা আটা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে খোলা আটা ছিল ৪৫ টাকা। চিনির দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ থেকে ১২৫ টাকা কেজি, আগে ছিল প্রায় ১১০ টাকা।
তবে সরবরাহ বাড়ায় সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জা.অর্থনীতি/এসআই