১৬ বছরের ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক, আদালতে সাবেক শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে সাবেক নারী শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিচার শুরু হয়েছে। ৩০ বছর বয়সী জেমস বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার (পিই) শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

উইনচেস্টার ক্রাউন কোর্টে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডওয়ার্ড কালভার বলেন, স্কুলে চাকরির সময় ওই শিক্ষার্থীর সঙ্গে জেমসের ঘনিষ্ঠতা তৈরি হয়। শুরুতে শিক্ষার্থীর স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরে তা গ্রহণ করেন তিনি। এরপর নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে।

প্রসিকিউশনের দাবি, একপর্যায়ে তারা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন এবং গাড়ির ভেতর চুম্বন করেন। পরে টেলিভিশনে উইম্বলডন টেনিসের খেলা চলার সময় তারা স্পর্শ ও চুম্বনের পর যৌন সম্পর্কে জড়ান বলে অভিযোগ করা হয়। শিক্ষিকা ওই শিক্ষার্থীকে ভালোবাসার কথা বলেছিলেন এবং একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন বলে আদালতকে জানানো হয়।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় শিক্ষার্থী দাবি করে, শুরুতে বিষয়টি তার কাছে স্বাভাবিক মনে হলেও পরে সে বুঝতে পারে, তাকে প্রলোভনের মাধ্যমে মানসিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ব্যক্তিগত সময়েও জেমস তাকে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন বলে অভিযোগ করা হয়েছে।

পদমর্যাদার অপব্যবহার করে শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে জেমসের বিরুদ্ধে চারটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার জুরি ভেঙে দেওয়ায় বিচারপ্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হয়। নতুন জুরি গঠনের পর বৃহস্পতিবার থেকে পুনরায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

জা.অর্থনীতি/এসআই