আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে সাগরে থাকা এবং মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এর আগে এটি গত বুধবার থাইল্যান্ডের উপকূলে নোঙর করে।
১১০০ ফুট দীর্ঘ দানবাকৃতির এ রণতরীটি দেখার জন্য থাইল্যান্ডের সমুদ্রতীরে অনেক মানুষ দাঁড়িয়েছিলেন। তবে রণতরীটির বেহাল অবস্থা দেখে তারা অবাক হন। সাধারণ ছবিতে যেখানে ইউএসএস আব্রাহাম লিংকন ছিল ঝকঝকে, সেখানে সামনাসামনি দেখায় এটি বাহ্যিকভাবে বেশ শোচনীয়। রণতরীটির নিচের দিকে রং উঠে মরিচা ধরেছে।
তবে বিশেষজ্ঞরা জানান, আব্রাহাম লিংকন সান দিয়েগো থেকে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে। এরপর থেকে এটি ২৭০ দিন ধরে সমুদ্রে আছে। এর সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ এবং নৌ-অবরোধে অংশ নেয়। আর সমুদ্রে এত লম্বা সময় ধরে থাকায় এটির নিচের অংশে মরিচা ধরেছে এবং রণতরীর ঝকঝকে ভাবটিও চলে যায়।
মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল স্কুসজার (আব্রাহাম লিংকনের মতো এমন বিপুল পারমাণবিক শক্তিধর জাহাজে তিনবার সমুদ্রে অভিযানে যাওয়ার অভিজ্ঞতাসম্পন্ন) সিএনএনকে বলেন, একটি জাহাজ যখন সমুদ্রে ৬০ দিন বা তার বেশি নিয়োজিত থাকে তখন এটির পানির অংশে মরিচা ধরা অস্বাভাবিক কিছু নয়। যখন একটি যুদ্ধজাহাজ বা রণতরী যুদ্ধে মোতায়েন থাকে তখন সমুদ্রে এটির মরিচা সারা যায় না। কারণ এটি করতে হলে ক্রুদের পানির স্তর পর্যন্ত নামতে হবে। এরপর মরিচা ঘষে সেগুলো পরিষ্কার ও রং করতে হবে। আর এটি সারাতে ৩০ দিনের বেশি সময় লাগবে না। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
—জা.অর্থনীতি/আইবিএম
