আন্তর্জাতিক ডেস্ক: পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাস্তায় থুতু ফেলা, প্রকাশ্যে প্রস্রাব-মলত্যাগ ও যত্রতত্র আবর্জনা ফেলার বিরুদ্ধে নতুন করে কঠোর হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এসব অপরাধে জরিমানা কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, রাস্তায় থুতু ফেললে ১০০ রুপি এবং প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগ করলে ২০০ রুপি জরিমানা দিতে হবে। জনসমক্ষে আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করলেও গুনতে হবে ২০০ রুপি। একই জরিমানা প্রযোজ্য ১২৫ মাইক্রনের নিচের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেও।
রাজ্যের নগর উন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, জরিমানা করে রাজস্ব আদায় সরকারের উদ্দেশ্য নয়। নাগরিকদের মধ্যে সচেতনতা ও নিজেদের শহরের প্রতি দায়িত্ববোধ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, কলকাতাসহ পশ্চিমবঙ্গের শহরগুলো পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। গাড়ি বা বাসের জানালা দিয়ে প্যাকেট কিংবা অন্য কোনো বর্জ্য না ফেলার আহ্বানও জানিয়েছেন তিনি।
তবে নতুন নিয়ম কার্যকর হলেও সব এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন ও গণশৌচাগার এখনো নিশ্চিত করা যায়নি। বিশেষ করে বাজার ও রেলস্টেশনসংলগ্ন এলাকায় ডাস্টবিন বসানো এবং বিভিন্ন স্থানে গণশৌচাগার বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী।
আবাসিক এলাকায় ডাস্টবিন না বসিয়ে বাসিন্দাদের বর্জ্য আলাদাভাবে দুই ধরনের ব্যাগে রাখার জন্য উৎসাহিত করা হবে। পরে পরিচ্ছন্নতাকর্মীরা তা সংগ্রহ করবেন।
নিষিদ্ধ প্লাস্টিকের বিকল্প হিসেবে ভুট্টা থেকে তৈরি ব্যাগ ও কাপড়ের ব্যাগ সরবরাহের পরিকল্পনাও রয়েছে। বাজার এলাকায় ভেন্ডিং মেশিনের মাধ্যমে এক রুপিতে ভুট্টার তৈরি ব্যাগ এবং ৫ থেকে ১০ রুপিতে কাপড়ের ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গে জনসমক্ষে থুতু ফেলা ও আবর্জনা ফেলার বিরুদ্ধে আগেও আইন ছিল। ২০১৯ সালের সংশোধিত পৌর আইনে জনসমক্ষে থুতু ফেললে সর্বোচ্চ ১ হাজার রুপি জরিমানার বিধান রয়েছে। কলকাতায় অবৈধভাবে আবর্জনা ফেললে ৫০ থেকে ৫ হাজার রুপি পর্যন্ত জরিমানার ব্যবস্থাও রয়েছে।
নতুন উদ্যোগের পর এসব নিয়ম বাস্তবে কতটা কঠোরভাবে প্রয়োগ করা যায়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
জা.অর্থনীতি/এসআই
