আন্তর্জাতিক ডেস্ক: টানা ২০০ দিনের বেশি সমুদ্রে থাকার পর থাইল্যান্ডে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। বুধবার (২ সেপ্টেম্বর) রণতরীটিকে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ার কাছে সমুদ্রে অবস্থান করতে দেখা যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে পাঁচ দিন অবস্থান করবে জাহাজটি।
রণতরীটির সঙ্গে হাজার হাজার মার্কিন সামরিক সদস্যও থাইল্যান্ডে পৌঁছেছেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে জাহাজটির অভ্যন্তরীণ পরিবেশ এবং কিছু নাবিক ও মেরিনের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের খবরও সামনে এসেছে।
সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েন ছয় থেকে নয় মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতিতে এই সময় আরও দীর্ঘ হতে পারে।
মার্কিন সামরিক সদস্যদের আগমনে পাতায়ায় ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে তাদের উপস্থিতিকে ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে থাই কর্তৃপক্ষ।
রয়টার্স জানায়, সপ্তাহান্তে পুলিশের অভিযানে সন্দেহভাজন যৌন ব্যবসার সঙ্গে জড়িত ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাতায়ার প্রধান সমুদ্রসৈকত ও বিনোদন এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ টহল এবং ডিজিটাল নজরদারি বাড়ানো হয়েছে।
থাই পুলিশ জানিয়েছে, মার্কিন সামরিক সদস্যদের অবস্থানকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এসব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
জা.অর্থনীতি/এসআই
