নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, নবীন বরণ ও গুণীজনদের সংবর্ধনাসহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেক কাটা ও প্রশাসনিক ভবনের ডিজিটাল ক্লাসরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যবিপ্রবিসাসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

অনুষ্ঠানে পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা প্রতিবেদক (আলফাজ হোসেন আরবি ও মো. রকিবুল হাসান তারেক), বর্ষসেরা ফিচার লেখক (সাব্বির রহমান রাব্বিল ও মাহফুজুল ইসলাম), উদীয়মান প্রতিবেদক (মো. সাব্বির আহমেদ) এবং সংগঠনে অবদানের জন্য সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়াসহ প্রাক্তন সদস্যদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর সাংবাদিক সমিতিকে বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনিক অগ্রযাত্রায় সহযোগিতার আহ্বান জানান। একই সাথে সভাপতির বক্তব্যে রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি যেকোনো অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যবিপ্রবিসাসের প্রতিটি সদস্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

—জা. অর্থনীতি/এলএটি