অনলাইন ডেস্ক: প্রিয় মানুষকে ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিশেষ অনুভূতির কথা জানানোর দিন হিসেবে প্রতি বছর ১ আগস্ট বিশ্বব্যাপী 'গার্লফ্রেন্ড দিবস' (National Girlfriends Day) হিসেবে পালিত হয়। এটি কেবল রোমান্টিক সম্পর্কের সঙ্গীকে উদযাপনের দিন নয়, বরং নারী বন্ধুদের মধ্যে থাকা অকৃত্রিম বন্ধুত্ব, পারস্পরিক সমর্থন এবং ভালোবাসার বন্ধনকে সম্মান জানানোর একটি বিশেষ দিন। বিশেষ এই দিনে মানুষ তাদের রোমান্টিক পার্টনার কিংবা কাছের নারী বন্ধুদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
এই দিবসের উৎপত্তি নিয়ে একাধিক মতবাদ রয়েছে। ২০০২ সালে ক্যাটলিন হান্টার নামক এক লেখিকা ১ আগস্ট তারিখটিকে 'গার্লফ্রেন্ড দিবস' হিসেবে আনুষ্ঠানিক রূপ দিতে প্রথম উদ্যোগ নেন, যা মূলত নারী বন্ধুদের মধ্যকার আত্মিক যোগাযোগকে উৎসাহিত করার জন্য গড়ে তোলা হয়েছিল।
পরবর্তীতে ২০০৬ সালে সিস্টারওম্যান ডটকম নামক একটি প্ল্যাটফর্ম এবং লাক্সারিয়াস বিউটি ব্র্যান্ডের উদ্যোক্তারা এই দিনটির সার্বজনীন প্রচারে বড় ভূমিকা রাখেন। সময়ের সাথে সাথে এটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং রোমান্টিক সঙ্গী থেকে শুরু করে বেস্ট ফ্রেন্ড- সবার প্রতিই সম্মান ও উপহার জানানোর মাধ্যম হয়ে ওঠে।
আজকের এই দিনে আপনি আপনার গার্লফ্রেন্ড বা প্রিয় নারী বন্ধুকে সাথে নিয়ে বিশেষ সময় কাটাতে পারেন। একসাথে দুপুরের বা রাতের খাবার খাওয়া, ছোট ছোট উপহার দেওয়া, কিংবা একটি সুন্দর বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া- তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। রোমান্টিক সম্পর্ক হোক কিংবা অকৃত্রিম বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসাকে উদ্যাপন করাই হলো এই দিবসের মূল উদ্দেশ্য।
—জা. অর্থনীতি/এএইচএ
