সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলে থাকবেন দাতা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখল ও সুবিধা গ্রহণের অধিকার নিজেদের কাছে রাখার সুযোগ পাচ্ছেন বাবা-মা ও দাদা-দাদি বা নানা-নানি। এ জন্য সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধন করে নতুন দুটি ধারা সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংশোধনী প্রকাশ করা হয়। সংশোধিত আইনে ১২২এ ও ১২২বি নামে নতুন দুটি ধারা যুক্ত করা হয়েছে।

নতুন ১২২এ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান করার সময় ওই সম্পত্তি জীবদ্দশায় ভোগ করার অধিকার নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন। বাবা-মা ও সন্তান, দাদা-দাদি বা নানা-নানি ও নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রীর মধ্যে এ ধরনের দান করা যাবে।

সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল পাসের সুপারিশ

স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এ ধরনের দান নিবন্ধিত দলিলের মাধ্যমে করতে হবে। দাতা জীবিত থাকা অবস্থায় গ্রহীতার মৃত্যু হলে আইন অনুযায়ী সম্পত্তিটি গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে যাবে। তবে সম্পত্তির ওপর দাতার ভোগদখলের অধিকার বহাল থাকবে।

আইনে আরও বলা হয়েছে, নিবন্ধনের পর এ ধরনের দান সাধারণভাবে বাতিল বা পরিবর্তন করা যাবে না। তবে দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্মতিতে নিবন্ধিত দলিলের মাধ্যমে আর্থিক, চিকিৎসা, শিক্ষা, পারিবারিক বা অন্য কোনো প্রকৃত প্রয়োজনের কারণে দানের শর্ত পরিবর্তন, বাতিল বা সংশ্লিষ্ট অধিকার নিয়ে ব্যবস্থা নেওয়া যাবে।

এছাড়া কোনো পক্ষ অপ্রাপ্তবয়স্ক, নিখোঁজ, মানসিকভাবে অক্ষম বা আইনগতভাবে অক্ষম হওয়ায় তার সম্মতি পাওয়া সম্ভব না হলে, অপরপক্ষের আবেদনের ভিত্তিতে জেলা জজ প্রয়োজনীয় পরিবর্তন, বাতিল বা ব্যবস্থা নেওয়ার অনুমতি দিতে পারবেন।

—জা. অর্থনীতি/এনজে