মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া ২ নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা সীমান্তসংলগ্ন এলাকায় স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটকে রাখেন। পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদ হেফাজতে নিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করেন।
আটকরা হলেন- নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের বাসিন্দা রানা মোল্লা (২৪), রানা মোল্লার স্ত্রী মাহমুদা আক্তার লিমা, খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের বাসিন্দা ময়না খাতুন (২০)।
সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
স্থানীয় সূত্র ও আটকদের বরাতে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। সকাল সাড়ে ৭টার দিকে বকসি টিলা এলাকায় তাদের অবস্থান দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হক এর নির্দেশনায় আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করেন। পরে সকাল সোয়া ৯টার দিকে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, জীবিকার সন্ধানে প্রায় ২ মাস আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। শনিবার ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে বকসি টিলা এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বলেন, আটকদের পরিচয় যাচাই করে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশ-ইনের ঘটনা বাড়ছে। এ নিয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।
—জা.অর্থনীতি/এনজে