সিলেট প্রতিনিধি: দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজন, গেজেট-২০২৩ বাতিল এবং ভূমির অধিকার নিশ্চিত করার চার দফা দাবিতে সিলেটের ২৩টি চা-বাগানে দুই ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে সিলেট ভ্যালি আলীবাহার চা বাগান পঞ্চায়েত কমিটি, স্থানীয় শ্রমিকবৃন্দ এবং প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজিত হয়।
এর আগে দাবি বাস্তবায়নে প্রশাসনকে দেওয়া ১৫ দিনের সময়সীমা শেষ হওয়ায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে নামেন শ্রমিকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
সমাবেশে উপস্থিত হয়ে শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করেন সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক। তিনি বলেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত মূল্যের কারণে ১৮৭ টাকা মজুরিতে একটি পরিবারের দুবেলা খেয়ে বেঁচে থাকা অসম্ভব। মিছিলে স্থানীয় ইউপি সদস্য হাফিজ আহমদসহ প্রগতি যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কাউছার আহমেদ সাগর, আলীবাহার পঞ্চায়েত কমিটির সভাপতি শ্যামাচরন গোয়ালা ও প্রমূখ বক্তব্য দেন।
—জা. অর্থনীতি/এলএটি
