নকলের দৃশ্য ধারণ করায় সাংবাদিককে মারধর ও আটকে রাখার অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: পরীক্ষার হলে প্রকাশ্যে বই খুলে নকলের দৃশ্য ধারণ করতে গিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের যৌথ হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। মারধরের পর তাদের মোবাইল ফোন ও সাংবাদিকতার সরঞ্জাম ছিনিয়ে নেওয়া এবং কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকেরা হলেন নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহম্মেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক।

ভুক্তভোগী সাংবাদিকেরা জানান, অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের সরাসরি বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করা হলে তারা তা ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান বিপ্লবসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা ও অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীরা তাদের মারধর করে মোবাইল ও বুম মাইক্রোফোন ছিনিয়ে নেন। অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার পেয়ে তারা গাংনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং গাংনী থানায় লিখিত অভিযোগ জানান। এ সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা থানায় বাধা দেওয়ার চেষ্টা করলেও গণমাধ্যমকর্মীদের দৃঢ় অবস্থানের মুখে তারা পিছু হটেন।

গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি