যশোর প্রতিনিধি: যশোরের ঐতিহ্যবাহী মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও অশোভন আচরণের অভিযোগে খণ্ডকালীন শিক্ষক শিমুল মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের নিজস্ব কোচিং সেন্টারে ভর্তি না হওয়ায় স্কুল ছুটির পর ওই ছাত্রীকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। এছাড়া বিদ্যালয়ে কোচিং বাণিজ্য, প্রতি সপ্তাহে ৩০০ টাকা করে শিট কিনতে বাধ্য করা এবং অন্য শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণেরও অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনায় ভুক্তভোগী পরিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পর থেকে শিক্ষক শিমুল মণ্ডল পলাতক রয়েছেন। সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিমসহ অন্য শিক্ষকেরা ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখার কথা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এমএসটিপি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আনাম জানান, জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান জানান, ঘটনার তদন্তে কোনো ছাড় দেওয়া হবে না এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসির সঙ্গে আলোচনা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
