যাবজ্জীবন রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামি
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে একটি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় ইউপি সদস্য কলিম উদ্দিন ওরফে কালুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। সাজা শুনে বিচারক কক্ষ থেকে বের হওয়ার পর আসামি কালু আদালত প্রাঙ্গণেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত কালু মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে তিনি স্থানীয় এক প্রতিবন্ধী নারীর ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এলে তিনি হুমকি দিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান তুহিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি প্রভাবশালী হলেও অপরাধী যে আইনের উর্ধ্বে নয়—এই রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।

—জা. অর্থনীতি/এলএটি