সিলেট প্রতিনিধি: সিলেট ও এর সংলগ্ন এলাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আগামী ২৫ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীর নাইওরপুলস্থ অস্থায়ী কার্যালয়ে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
রোববার (২3 আগস্ট) সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি এবং উদ্বোধক হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সিউক চেয়ারম্যান জানান, সিলেট মহানগরীর ৭৯.৫ বর্গকিলোমিটারসহ সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ- এই ৪টি উপজেলার প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকাকে সিউকের অধিক্ষেত্র হিসেবে প্রস্তাব করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে এখানে সিডিএ’র আদলে উন্নয়ন কার্যক্রম চালানো হবে। ইতিমধ্যে ৭১৪টি পদ সৃজনের প্রস্তাব পাঠানো হয়েছে এবং স্থপতি ও প্রকৌশলীদের তালিকাভুক্তির কাজ চলছে। ভবিষ্যতে সেবা দ্রুত করতে 'ওয়ান স্টপ সার্ভিস, নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন, সংযোগ সড়ক, ফ্লাইওভার এবং গ্রীণ বিল্ডিং নীতিমালা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ, সদস্য (প্রকৌশল) মো. ইলিয়াস আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি
