সাতক্ষীরা প্রতিনিধি: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পৈতৃক জমিতে অবস্থিত ২৫ বিঘার চিংড়ি ঘেরে হামলা, ভাঙচুর ও ১০ লক্ষাধিক টাকার মাছ লুটের প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে ফারজানা কাদের অরিন এই লিখিত অভিযোগ করেন।
এ সময় তিনি ভূখণ্ড গ্রাসকারী শরিফুল ইসলাম ও আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
লিখিত বক্তব্যে ফারজানা কাদের অরিন জানান, দেবহাটা থানার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় ৮.৩৩ একর পৈতৃক জমিতে ২০১৮ সাল থেকে তারা নিয়মিত বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছেন। জমি জবরদখলের উদ্দেশ্যে শরিফুলের মা তাহমিনা খাতুন আদালতে মিথ্যা মামলা দায়ের করলে ২০২৪ সালের ৬ নভেম্বর উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ মে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত হাইকোর্টের 'স্ট্রে অর্ডার' বলবৎ থাকায় মামলার সমস্ত কার্যক্রম স্থগিত করেন।
অভিযোগে তিনি আরও বলেন, উচ্চ আদালতের আদেশ অমান্য করে গত ১৮ আগস্ট সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঘেরে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে প্রায় ১০ লাখ টাকার চিংড়ি লুট করে নিয়ে যায়। পরে ঘেরে বিষ ঢেলে বাকি মাছ মেরে ফেলা হয়। পরবর্তীতে তারা সদরের শিমুলবাড়িয়া এলাকায় আরও একটি ঘেরে একইভাবে লুটপাট চালায় বলে তিনি অভিযোগ করেন।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভূখণ্ড রক্ষা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিতে ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
