নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটরিয়ামে আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্সের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এলাকাগুলোয় পরিবেশের ক্ষতি করা থেকে শুরু করে অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।
এই কোর্সে আলোচিত মূল জাতীয় চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে সেনাপ্রধান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, জ্বালানি সংকটের কথা তুলে ধরেন।
অংশগ্রহণকারীদের উদ্দেশে জেনারেল ওয়াকার বলেন, ‘আপনারা এসব বিষয়ের ওপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। আমি মনে করি এগুলো আপনাদের নিজ নিজ ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে।’
আইএসপিআরের তথ্য অনুযায়ী, ৩৯ জন ফেলো এই কোর্সে অংশ নেন। তাদের মধ্যে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন।
সেনাপ্রধান বলেন, এই কোর্সটি বিভিন্ন পেশা ও মেধার মানুষকে একসূত্রে গেঁথেছে যা পরস্পরের মধ্যে আরও ভালো বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতার সুযোগ তৈরি করেছে। এ ধরনের পারস্পরিক সম্পর্ক দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।