সিলেট চেম্বারে শ্রমবিরোধ সমাধান বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)-এর উদ্যোগে এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় শ্রমবিরোধ প্রতিরোধ ও সমাধান বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় সিলেট চেম্বার কনফারেন্স হলে আইএলও কর্তৃক প্রকাশিত 'হ্যান্ডবুক অন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন' এর ওপর ভিত্তি করে এ কর্মশালা আয়োজিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইএলও’র টেকনিক্যাল স্পেশালিস্ট নাদা আরিধি বলেন, আইএলও বাংলাদেশের শ্রমবাজারের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, বিনিয়োগ বৃদ্ধি ও শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।

কর্মশালায় আইএলও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার আলবাব কাবির চৌধুরী ও রুকসানা ইয়াসমিন আরজু হ্যান্ডবুকের ওপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। তারা জানান, টেকসই শিল্প অগ্রগতির জন্য নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিতের বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক, বিইএফ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোসলেম উদ্দিন খানসহ স্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি